স্টাফ রিপোর্টার

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন আজিজুল হক রাজু মাস্টার। স্থানীয় বিএনপির পরিচিত ও সক্রিয় নেতা হিসেবে তিনি ইতোমধ্যেই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
বর্তমানে তিনি ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গাজীপুর মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সহ-সভাপতি এবং যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ও তার সমর্থকরা জোরদার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন।
প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার বলেন, “দীর্ঘদিন ধরে আমি এই এলাকার মানুষের পাশে রয়েছি। নির্বাচিত হলে ৫৪ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে কাজ করবো। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
এদিকে, তার সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রচারণায় অংশ নিচ্ছেন। সমর্থকদের প্রত্যাশা, একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে রাজু মাস্টার নির্বাচনে ভালো ফলাফল অর্জন করবেন। স্থানীয়দের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণা আরও জোরদার হচ্ছে এবং জমে উঠছে নির্বাচনী পরিবেশ।